ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে চার ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টাইগার যুবারা আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ৩৩ রানে পরাজিত করে সিরিজে শুভ সূচনা করেছে।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে ইনিংসের শুরুটা মোটেও ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় বলেই ওপেনার আবদুল্লাহ আল মুহি কোনো রান না করেই সাজঘরে ফেরেন। এরপর শেখ জারিফ সিয়াম ৫৩ বলে ৫০ এবং আলামিন হোসেন রনি ৪৬ বলে ২৬ রান করে দলের হাল ধরার চেষ্টা করেন। ২৬.১ ওভারে ১১১ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন চাপে পড়ে, তখন রাকিবুল হোসেন ও আহসান আল মুমিন জুটি গড়ে দলকে টেনে তোলেন।
ষষ্ঠ উইকেট জুটিতে এই দুই ব্যাটার ১১৭ রান যোগ করেন। আহসান আল মুমিন ৪৮তম ওভারে এলবিডব্লু হওয়ার আগে ৭০ বলে ৫৪ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত রাকিবুল হোসেন ৭৮ বলে ৪ চার ও ১ ছক্কায় অপরাজিত ৭৯ রান করেন। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ ২৫০ রান সংগ্রহ করে। শেষ ৮ ওভারে রান তুলতে গিয়ে বাংলাদেশ আরও তিনটি উইকেট হারায়।
আফগানিস্তানের পক্ষে ইমরান মোহাম্মদি ৫৭ রানে ৩টি এবং লুতফুল্লাহ মোহাম্মদি ১০ ওভারে ২৫ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন। এছাড়া সোহেল খান ১টি উইকেট নেন।
২৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান যুব দল নির্ধারিত রান তুলতে ব্যর্থ হয়। তাদের ইনিংস ২১৭ রানে অলআউট হয়ে যায়। আফগানদের পক্ষে হামজা খান সর্বোচ্চ ৫১ রান করেন। বাংলাদেশের পেসার রুবি ইসলাম রিজন দুর্দান্ত বোলিং করে ৩৭ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নিয়ে জয়ের পথ সহজ করে দেন।




