দি ক্রাইম ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে সাঙ্গু নদীর পাড়ে খেলার ছলে নদীতে ডুবে আপন দুই-ভাই বোনের মৃত্যু হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমিলাইষ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পশ্চিম আমিলাইষ ভাঙ্গামুখ এলাকায় নদীতে পড়ে এ দুই শিশুর মৃত্যু হয়।
মৃতরা হলো, উপজেলার আমিলাইষ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্বডলু মাহবুব মেম্বার বাড়ির তক্তার মসজিদ এলাকার মো. বেলাল উদ্দিনের সন্তান মোহাম্মদ সায়েম (৪) ও মোছাম্মৎ আফিফা (৬)।
মৃতের মামা দিদারুল আলম বলেন, কয়েকদিন আগে আমার বোনসহ তার দুই সন্তান আমাদের বাড়িতে বেড়াতে আসেন। আমাদের ঘর সাঙ্গু নদীর তীরবর্তী। সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে পাড়ার অন্যান্য শিশুদের সঙ্গে আমার ভাগিনা-ভাগ্নি নদীর তীরে খেলতে যায়। খেলার এক পর্যায়ে তারা নদীর পানিতে পরে ডুবে যায়। পরে ওই শিশুরা ঘরে এসে খবর দিলে আমাদের ঘরের লোকজন ও স্থানীয়রা দৌড়ে গিয়ে ভাগ্নেকে পানিতে ভাসমান অবস্থা ও ভাগ্নিকে পানির ভিতর থেকে ডুব দিয়ে খুঁজে মৃত অবস্থায় উদ্ধার করেন।
আমিলাইষ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন ও মোহাম্মদ মোস্তাক আহমদ দুই শিশু পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার আসরের নামাজের পর মৃত দুই শিশুর নিজ বাড়ি আমিলাইষ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তক্তার মসজিদ এলাকায় নিয়ে নামাজের জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।




