দি ক্রাইম ডেস্ক: প্রতিবছর ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ থাকলেও এবার গণপরিবহনগুলো নির্ধারিত ভাড়ার ‘বেশি আদায় করছে না’ বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, সবাই নির্ধারিত ভাড়াই নিচ্ছে। বরং দুয়েকটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও ২০–৩০ টাকা কম নিচ্ছে, যা যাত্রীদের জন্য স্বস্তিদায়ক। গতকাল রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সেতু মন্ত্রী।
পরে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রীর বক্তব্যে বলা হয়, যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করছে। তাদের সেবায় গাবতলীসহ বিভিন্ন টার্মিনালে পুলিশ কন্ট্রোল রুম, পরিদর্শক টিম ও র্যাবের কন্ট্রোল রুম সক্রিয় রয়েছে। পাশাপাশি নির্ধারিত ভাড়ার চার্ট টাঙানো হয়েছে। খবর বিডিনিউজের।
রবিউল আলম বলেন, কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে যাত্রীরা তাৎক্ষণিকভাবে কন্ট্রোল রুমে অভিযোগ করতে পারবেন। আইনশৃক্সখলা বাহিনীর সহায়তা নিতে পারবেন। পুলিশ কন্ট্রোল রুম জানিয়েছে, এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। বাসগুলো নির্ধারিত সময় অনুযায়ী ছেড়ে যাচ্ছে এবং যাত্রীরা কোনো হয়রানির শিকার হচ্ছেন না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার যমুনা সেতুতে স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ৩২ হাজার বেশি যানবাহন চলাচল করেছে, যা ঈদযাত্রার চাপ বৃদ্ধির ইঙ্গিত দেয়। অবৈধ বাস কাউন্টার প্রসঙ্গে মন্ত্রী বলেন, যেখানে সেখানে কাউন্টার খোলার কোনো সুযোগ নেই। ঈদের পর নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং মন্ত্রণালয় থেকে মনিটরিং জোরদার করা হবে।
ঢাকার গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ নিয়ে তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্য পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। গতকাল (মঙ্গলবার) নবীনগর ও বাইপাইলে ১০০ টাকা অতিরিক্ত ভাড়া নেওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চিটাগং রোডেও কয়েকটি পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোরে গাজীপুরের চন্দ্রা এলাকায় সামান্য যানজট সৃষ্টি হলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আসার কথা তুলে ধরে সেতুমন্ত্রী বলেন, বর্তমানে সব রুটে স্বাভাবিক ও স্বস্তিদায়ক পরিবেশে যান চলাচল করছে।
সড়ক ও সেতু মন্ত্রী বিআরটিসির গাবতলী বাস ডিপো পরিদর্শন শেষে ‘বিআরটিসি ঈদ স্পেশাল সার্ভিস ২০২৬’–এর উদ্বোধন করেন। পরে তিনি আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজও পরিদর্শন করেন।




